শুভ নববর্ষ, ১৪৩৩

শুভ নববর্ষ, ১৪৩৩

আমাদের তরফে প্রথমেই ‘অবসর’ পত্রিকার সমস্ত লেখক, পাঠক, পৃষ্ঠপোষক এবং অনুরাগীদের জানাই আমাদের নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবাইকার জীবনে নতুন আনন্দ, আশা, উৎসাহ-উদ্দীপনা নিয়ে আসুক এই আমাদের সর্বাঙ্গীণ প্রার্থনা।

বছর শুরুর আগেই আমরা পেয়েছি একটি প্রয়াণ সংবাদ। আমাদের প্রিয় গায়িকা আশা ভোসলে আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন আমাদের সম্পাদকমণ্ডলীর দুই সদস্য, অদিতি ও সংগ্রামী।

এর কিছুদিন আগেই আমাদের প্রিয় লেখক মণিশংকর মুখোপাধ্যায় বা শংকরকেও আমরা হারিয়েছি। বাংলা সাহিত্য তাঁর কাছে ঋণী থাকবে। জনপ্রিয়তায় তিনি সমকালীন অনেক লেখককেই ছাপিয়ে গেছেন। তাঁকে শ্রদ্ধা জানিয়েছি আমরা একগুচ্ছ লেখার মাধ্যমে। লেখকরা হলেন শ্রী পল্লব চট্টোপাধ্যায়, পার্থ অধিকারী, মধুমিতা রায়, রুমি বন্দ্যোপাধ্যায়, নয়ন বসু ও সুমেধা চট্টোপাধ্যায়। সাহিত্য বিভাগে রইল নুপুর রায়চৌধুরীর আরো একটি লেখা। 

আমাদের বিখ্যাত ক্রিকেটার পলি উমরিগড়ের শতবর্ষ উপলক্ষে তাঁকে নিয়ে লিখেছেন কলরব রায়। এবারের রনজি ট্রফিতে ঐতিহাসিক জয়ের নজির রেখেছে জম্মু ও কাশ্মীর, তাই নিয়ে রইল সপ্তক সান্যালের লেখা। ক্রিকেটের বিশ্বায়ন নিয়ে আরও একটি লেখা রইল পার্থ প্রতিম রায়ের। 

আমাদের স্বাধীনতা সংগ্রামে মুসলমান বিপ্লবীদের অবদান নিয়ে লিখেছেন শমীতা দাশ দাশগুপ্ত। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা, আশা করা যায় এই লেখা অনেক ভ্রান্তির অবসান ঘটাবে। বিগত সংখ্যাতে অর্চন চক্রবর্তী শুরু করেছিলেন ভ্যান গখের জীবনে বরিনেজের প্রভাব নিয়ে, এবারে রইল তার অন্তিম পর্ব। শিল্প-সংস্কৃতি বিভাগে এর সঙ্গে রইল মৃত্তিকা সেনের প্রবাসী বাঙালির চর্চার খবর।

এছাড়া আছে নিয়মিত বিভাগে ভ্রমণ সংক্রান্ত লেখা, লেখকেরা যথাক্রমে বিজয় লক্ষ্মী মুখার্জী, মানসী গাঙ্গুলী ও সুমন্ত বন্দ্যোপাধ্যায়।

ব্যক্তিগত গদ্য বিভাগে আছে দিলীপ মাশ্চরক ও তপন রায়চৌধুরীর লেখা। তিনটি রম্যগদ্য লিখেছেন সুজয় দত্ত, সুনৃতা মাইতি ও অচ্যুত মজুমদার।

আশাকরি, এই সংখ্যা আমাদের পাঠকদের কাছে মনোগ্রাহী হবে। পাঠকদের মতামতের প্রত্যাশায় বুক বাঁধলাম আমরা। তাঁরা তাঁদের মতামত আমাদের মন্তব্য (Comments) বিভাগে নিশ্চয়ই জানাবেন। লেখকদের কাছে সেই মন্তব্য সাদরে গৃহীত হবে।

সবশেষে আরো একবার প্রিয়জনদের  নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানালাম। সারা পৃথিবীর মানুষে মনে যে দ্বিধা দ্বন্দ্ব, নিরুৎসাহ, নৈরাশ্য, ভয়ংকর অস্থিরতার সৃষ্টি হয়েছে তার সমাপ্তি ঘটুক। নতুন বছরে এই আমাদের কামনা। 

জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দক্ষিণ চব্বিশ-পরগনার রাজপুর-সোনারপুর অঞ্চলে। ১৯৮৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স ও টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। শখের মধ্যে অল্প-বিস্তর বাংলাতে লেখা - অল্প কিছু লেখা রবিবাসরীয় আনন্দবাজার, উনিশ-কুড়ি, নির্ণয়, দেশ, ইত্যাদি পত্রিকায় এবং বিভিন্ন ওয়েব ম্যাগাজিন (সৃষ্টি, অবসর, অন্যদেশ, পরবাস ইত্যাদিতে) প্রকাশিত। সম্প্রতি নিজের একটি ব্লগ চালু করেছেন – www.bhaskarbose.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *